Wednesday, 09 May 2012 16:46
মিথুন আশরাফ ॥ ‘হ্যাঁ ঘটনা সত্য। শাকিব আল হাসান বাংলাদেশে এসেছে। দুইদিনের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ছুটি নিয়ে এসেছে। এরমধ্যে খুলনায় তার বাড়িতে যাবে। ছুটি কাটাতেই তার এই আগমন।’Ñগতকাল সকালে শাকিবের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারেরই এক ঘনিষ্ঠজন। তার কাছ থেকেই শাকিবের দেশে ফিরে আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। শাকিবের সঙ্গে চেষ্টা করেও কোন যোগাযোগ করা যায়নি।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এখন রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। সোমবার দিল্লী ডেয়ার ডেভিলসকে হারিয়ে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখন সবার উর্ধে আছে কেকেআর। সেই দলটির বাংলাদেশী ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান ছুটি নিয়ে এখন বাংলাদেশে রয়েছেন।
কেকেআরের পক্ষে এ মুহূর্তে খেলার কোন সম্ভাবনা শাকিবের দেখা যাচ্ছে না। দলের কম্বিনেশন মিলছে না বিধায় কেকেআর শাকিবকে নামাচ্ছে না। তাছাড়া দলও জয়ের মধ্যে আছে। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এখন। ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পাওয়ায় ১৭ পয়েন্ট নিয়ে সবার উপরেই রয়েছে। এর বাইরে কেকেআরের পরবর্তী ম্যাচ হচ্ছে ১২ মে। খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনসে। হাতে সময় আছে আরও তিনদিন। আর তাই দুই দিন ছুটি নিয়ে দেশে চলে এসেছেন শাকিব। আবার কলকাতায় তাঁর যাওয়ার কথা রয়েছে ১০ মে। দেশ ত্যাগ করে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের বর্তমানে সেরা এ অলরাউন্ডার।
বিশ্বসেরা অলরাউন্ডারকে কেকেআর বসিয়ে রেখেছে। অনেকে এই বসিয়ে রাখাকে বাংলাদেশের ক্রিকেটার বলেই বিবেচনা করছে। কিন্তু আসল বিষয় হচ্ছে দলের কম্বিনেশন না মিলাতেই এমনটি হচ্ছে। তাছাড়া কেকেআর একের পর এক ম্যাচই জিতে চলেছে। তাই ম্যাচ উইনিং কম্বিনেশনও ভাঙছে না কেকেআর। তা না হলে ম্যাচ সেরা শাকিবকে বসিয়ে রাখে শাহরুখ খানের দল! শুরুতে প্রথম দুই ম্যাচেই শাকিবকে খেলায়নি কেকেআর। শুধু বাংলাদেশেই নয়, কলকাতাতেও শাকিবকে খেলানো নিয়ে তোড়জোড় পড়ে যায়। দাবি ওঠে শাকিবকে খেলানোর। শেষপর্যন্ত তৃতীয় ম্যাচে গিয়ে শাকিবকে নেয়া হয়। সেই ম্যাচেই কেকেআর প্রথম জয় পায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচে শাকিব ২ উইকেটসহ ৪ রান করেন। পরের ম্যাচে আবারও শাকিব খেলেন। এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শাকিব ম্যাচ সেরাই হয়ে যান! ৪ ওভারে ১৭ রানে তিন উইকেট নিয়ে শাকিব ম্যাচের সেরা ক্রিকেটার বিবেচিত হন। কেকেআর আবারও জিতে। সঙ্গে শাকিব ১৬ রানও করেন। ১৫ এপ্রিল এবার আইপিএলে আপাতত শাকিব তাঁর শেষ ম্যাচটি খেলেন। ম্যাচটিতে কেকেআর হারে। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে কেকেআরের এই হারের পর থেকেই আর শাকিবকে একাদশে রাখা হচ্ছে না। ম্যাচটিতে শাকিব ১ উইকেট নেন ও ৪ রান করেন। সেই যে শাকিবকে মাঠে নামতে দেখা গেছে। আর একাদশে নেই। তিন ম্যাচে শাকিব ৫ উইকেটসহ ২৪ রান করেছেন।
শাকিব না থাকলেও কেকেআর পরবর্তীতে শুধু জিতেই যাচ্ছে। প্রথম ৫ ম্যাচে যেখানে দুটিতে জিতেছে। সেখানে পরবর্তী ৭ ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে। ডেকান চার্জার্সের বিরুদ্ধে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। জয়ের এই ধারাবাহিকতা থাকাতেই শাকিব একাদশে ফিরতে পারছেন না। আপাতত সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
এরইমধ্যে শাকিব আবার কাউন্টি ক্রিকেটের এ্যাসেক্স দলে খেলার প্রস্তাব পেয়েছেন। আগে ওরচেস্টারশায়ারে খেলেছেন শাকিব। এবার এ্যাসেক্সে খেলার প্রস্তাব পেয়েছেন। যদিও এখনও কোন কিছুই চূড়ান্ত নয়। ‘আমাদের দৃষ্টিতে শাকিবকেই পছন্দ হচ্ছে। তবে এখনও কোন কিছুই চূড়ান্ত নয়।’-বলেছেন এ্যাসেক্সের প্রধান কোচ পল গ্রেইসন। পলের কথার পর শাকিবও বলেছিলেন, ‘এবার কাউন্টি ক্রিকেটে খেলার কোন সিদ্ধান্ত ছিল না। বিশ্রাম চাচ্ছিলাম। কিন্তু শেষপর্যন্ত খেলতে হবে। এবার আর ওরচেস্টারশায়ারে নয়, নতুন দলে খেলব।’ এখন সেদিকেই দৃষ্টি দিতে হচ্ছে শাকিবকে। আর যে কয়েকটি ম্যাচ রয়েছে শাকিবের তা খেলার আশায় থাকতে হচ্ছে। মাঝপথে ছুটি কাটাতে দেশে আসলেন শাকিব।
129, Shenpara Parbata, Mirpur-10, Dhaka-1216, Bangladesh. Phone: 88029007039 Cell: 8801711584519 E-mail: editor@topbdnews.com